আন্তর্জাতিক ডেস্ক | ১৩ সেপ্টেম্বর, ২০১৫
মুসলমানদের জন্য পবিত্র নগরী মক্কার মসজিদ আল-হারামে ঝড়ে ক্রেন ভেঙে পড়ার কারণ কারিগরী ত্রুটি নয়, বরং তা ‘আল্লাহর গজব’ হিসেবে অভিহিত করলেন নির্মাণ প্রতিষ্ঠান বিন লাদেন গ্রুপের এক প্রকৌশলী।
গত শুক্রবার ১১ সেপ্টেম্বর পবিত্র হজ পালন করতে আসা এখন পর্যন্ত ১০৭ জন প্রাণ হারিয়েছেন ক্রেন দুর্ঘটনায়। পাশাপাশি দুই শতাধিক মানুষ এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, মসজিদ আল-হারামে ভেঙে পড়া বিশালাকার ক্রেনগুলো ছিল সৌদি বিন লাদেন গ্রুপের। ওই প্রতিষ্ঠানটি সেখানে নির্মাণ কাজ করছিল।
শনিবার দুর্ঘটনার কারণ নিয়ে বার্তাসংস্থা এএফপিকে প্রতিষ্ঠানটির ওই প্রকৌশলী বলেন, ‘বিগত তিন চার বছর ধরে এই প্রকল্প কোনও ধরনের সমস্যা ছাড়াই চলছে। তাই এই দুর্ঘটনা কোনও কারিগরি ত্রুটির কারণে হয়নি। আমি শুধু বলবো যা ঘটেছে তা মানুষের ক্ষমতার বাইরে। এটি ছিল আল্লাহর গজব এবং এতে মানুষের কোনও ভুল নেই।’
ওই প্রকৌশলী আরও বলেন, ভেঙে পড়া ক্রেনটি মূলত ব্যবহার হচ্ছিল তাওয়াফ বা পবিত্র কাবা শরিফকে ঘিরে প্রদক্ষিণ এলাকা সম্প্রসারণের কাজে। এগুলো পেশাদারভাবে ও সাবধানে বসানো হয়েছিল যাতে সেখানে আসা হাজার হাজার মানুষের আসা যাওয়ায় কোনও অসুবিধা না হয়। তবে ওই জায়গাটি ছিল কাজ করার জন্য খুব কঠিন।
উল্লেখ্য, মসজিদ আল হারামের সম্প্রসারণ ছাড়াও বিন লাদিন গ্রুপ ইয়েমেন, সৌদি আরব, লন্ডনসহ বিশ্বের বড় বড় শহরে বিমানবন্দর, হোটেল ও ভবন নির্মাণ করছে। এরমধ্যে জেদ্দায় তারা তৈরি করছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ‘কিংডম টাওয়ার’। জেদ্দাভিত্তিক এই প্রতিষ্ঠানটি ১৯৩১ সালে মোহাম্মদ আওয়াদ বিন লাদেন প্রতিষ্ঠা করেন। ১৯৬৭ সালে তার মৃত্যুর পর তার বড় ছেলে সালিম বিন লাদেন প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন। এর বর্তমান চেয়ারম্যান আওয়াদের আরেক ছেলে বকর বিন লাদেন। আওয়াদ মোট ২২টি বিয়ে করেন। তার ৫৪ সন্তানের মধ্যে একজন জঙ্গি সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন।