Sylhet Today 24 PRINT

প্যারিসে মুসলিম সম্মেলনে ‘টপলেস’ মহিলা, তীব্র চাঞ্চল্য (ভিডিওসহ)

বিনোদন ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৫

ফ্রান্সে এক ইসলামিক সম্মেলনে (মাহফিল) দুই অর্ধনগ্ন নারীর মঞ্চে প্রবেশের ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যে এ ঘটনার ছবি ও ভিডও সংবাদ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, সম্মেলনে দুই ইমাম বক্তব্য শুরু করা মাত্রই মঞ্চে উঠে আসেন দুই টপলেস নারী, কেড়ে নেন মাইক্রোফোন। আরবি এবং ফরাসী ভাষায় নারীবাদী স্লোগান শুরু করেন তারা।

তাদের শরীরেও লেখা ছিলো ‘আমি কারও বশ্যতা স্বীকার করিনি, আমিই আমার পথ প্রদর্শক’। তবে কয়েক মুহূর্ত পরই ঘটনার আকস্মিকতা সামলে ওই দুই নারীকে মঞ্চ থেকে টেনে হিচড়ে নামানো হয়। এরপর তাদের গ্রেফতার করা হয়।

প্যারিসে মুসলিমদের ওই সম্মেলন রুখতে প্রায় ৬ হাজার মানুষ একটি গণস্বাক্ষর কর্মসূচি চালালেও তাতে কাজ হয়নি। বেশ কয়েকশো ফরাসীর আপত্তির পরও সম্মেলন শুরু হয়। সে সম্মেলনের মঞ্চেই ঘটে ওই ঘটনা।

নগ্নবক্ষা দুই নারীর মধ্যে একজনের বয়স ২৫ এবং আরেকজনের বয়স ৩৫। তারা দু’জন নারীবাদী সংগঠন ‘ফেমেন’ এর সদস্য। তবে ধর্মীয় পরিসরে তাদের এধরণের কর্মকাণ্ড নতুন নয়। গত ডিসেম্বরে পোপের শহর ভ্যাটিকান সিটিতেও এভাবেই হাজির হন ‘টপলেস-অ্যাক্টিভিস্টরা’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফ্রান্সের ভিডিও চিত্রটি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই। এমনকি ‘পাথর ছুড়ে হত্যা’ করা উচিৎ বলেও মন্তব্য করা হচ্ছে।

এই ফ্রান্সেই মুসলমানদের নবী মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় স্যাটায়ার ম্যাগাজিন শার্লি হেবদো’র কার্টুনিস্টসহ ১২ জনকে হত্যা করেছিলো জঙ্গিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.