Sylhet Today 24 PRINT

মক্কা দুর্ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ: বিজেপি নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৫

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারাম-এ ক্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে গ্রেফতার হয়েছেন তামিলনাড়ুর এক বিজেপি নেতা।

বি ভেলমুরুগন নামে ওই বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ, ২৯৫ এ, ৫০৫ (১) সি এবং ৫০৫ (২) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তিনি মসজিদুল হারাম-এ ক্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন।

চলতি বছরের ২ মার্চ বি ভেলমুরুগনকে বিজেপি’র নির্বাহী কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়। তিনি তথ্য ও প্রযুক্তি সেলের সদস্য।

বিজেপি নেতা বি ভেলমুরুগন ফেসবুকে মন্তব্য করেন, মক্কার ওই দুর্ঘটনায় যদি তার প্রতিবেশী কেউ নিহত হতো তাহলে তিনি আরো খুশি হতেন।

সংবাদে প্রকাশ, ওই বিজেপি নেতা প্রায়ই মুসলিমদের বিরুদ্ধে নানা আপত্তিকর মন্তব্য করে থাকেন। মক্কায় ক্রেন দুর্ঘটনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিতর্ক বাধায় তিনি বিতর্কিত পোস্ট মুছে ফেলেন।

ওই বিজেপি নেতার বিরুদ্ধে রামনাথপুরম জেলার আজমের আলী নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করলে রোববার তাকে গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা অভিযুক্ত বিজেপি নেতা বি ভেলমুরুগন তথ্য ও প্রযুক্তিতে স্নাতক। তিনি একটি কম্পিউটার সেন্টার চালান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.