Sylhet Today 24 PRINT

মক্কায় হজপালনেচ্ছুদের হোটেলে অগ্নিকান্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৫

হজ শুরুর আগে দ্বিতীয়বারের মত দুর্ঘটনার কবলে পড়লেন হজপালনেচ্ছুরা। মসজিদ আল হারামে ক্রেইন উল্টে শতাধিকের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে।

মক্কার কাছে আল আজিজিয়া এলাকায় বৃহস্পতিবারের এই অগ্নিকাণ্ডে হজ পালনে হোটেলটিতে থাকা এক হাজার জনকে সরিয়ে আনা হয়েছে বলে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

হোটেলটিতে থাকা সবাই এশীয় নাগরিক বলে সৌদি আরবের সরকারি এই বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। আগুনে দুজনের আহতের খবর দিয়েছে তারা, তবে তাদের পরিচয় উল্লেখ করা হয়নি।

বৃহস্পতিবার ভোররাতে ১১ তলা ওই হোটেল ভবনের অষ্টম তলায় আগুন লাগে। এর সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা ১০২৮ জন বোর্ডারকে সরিয়ে আনে বলে সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল আবদুল্লাহ আল-ওরাবি আল-হারথি বলেন, আগুনের খবর পেয়েই ছয়টি দলকে সেখানে পাঠানো হয়।

“সিভিল ডিফেন্স টিমের সদস্যরা সবাইকে বের করে আনতে পেরেছে। অগ্নিদগ্ধ দুজনকে বাঁচাতেও পেরেছেন।”

ওই হোটেলে থাকা হজ পালনেচ্ছুদের আবাসের ব্যবস্থা করতে হজ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানান কর্নেল আবদুল্লাহ।

হজ পালনে ইতোমধ্যে ১২ লাখ ৩৯ হাজার মুসলিম বিভিন্ন দেশ থেকে মক্কায় পৌঁছেছেন বলে সৌদি আরব সরকার জানিয়েছেন। এদের মধ্যে প্রায় ১২ লাখ গেছেন বিমানে, বাকিরা গেছেন জাহাজে কিংবা সড়ক পথে।

সোমবার হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে বুধবার ঈদুল আজহার দিন পশু কোরবানির মধ্য দিয়ে তা শেষ হবে।

হজের আগে মসজিদ আল হারামে গত শুক্রবার একটি ক্রেইন উল্টে পড়লে শতাধিক নিহত হয়। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.