Sylhet Today 24 PRINT

সিপিআই নেতা কানহাইয়া গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০২০

সিপিআই নেতা ও জেএনইউ-এর প্রাক্তন ছাত্র সভাপতি কানহাইয়া কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিহারের বেথিয়া জেলায় সিএএ বিরোধী মিছিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিএএ বিরোধী প্রতিবাদীদের বক্তব্য, গান্ধীজীকে প্রণাম নিবেদন করার সময়ে গডসেবাদীরা হামলা চালায় এবং স্লোগান তোলে, ‘‌দেশদ্রোহীদের গুলি মারুন।’‌

ভারতীয় সংবাদমাধ্যম ‘আজকাল’ জানিয়েছে, বৃহস্পতিবার ‘সংবিধান বাঁচাও–নাগরিকতা বাঁচাও’‌ পথসভার নেতৃত্ব দিচ্ছিলেন প্রাক্তন এই ছাত্রনেতা। কথা ছিল, এই পথসভা পশ্চিমী চম্পারণের গান্ধীজীর আশ্রম থেকে শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি পাটনার গান্ধী ময়দান পর্যন্ত হবে।

এদিন সিএএ ও এনপিআরের বিরোধিতা করে গান্ধী ময়দানে মহাসভার আয়োজন করা হয়েছিল। সেখানে কানহাইয়ার বক্তৃতা দেওয়ার কথা ছিল।

এই গ্রেপ্তার প্রসঙ্গে পশ্চিমী চম্পারণের এসডিএম বলেন, ‘কানহাইয়ার কুমারের কাছে কোনো সর্বজনীন পথসভায় উপস্থিত থাকার অনুমতি নেই। তাই বেথিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’‌

এদিকে, কানহাইয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে চম্পারণের গান্ধী আশ্রমের বাইরে শান্তিপূর্ণ অবস্থান শুরু করেছে আন্দোলনকারীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.