Sylhet Today 24 PRINT

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২০

ছবি: প্রতীকী

করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত ৩০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চীনের রাষ্ট্রীর টেলিভিশনের বরাত দিয়ে চ্যানেল নিউজ এশিয়া জানায়, শনিবার পর্যন্ত করোনাভাইরাসে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। দেশজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩০০। যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই হুবেই প্রদেশের।

কমিউনিস্ট পার্টির উহান শহরের এক শীর্ষ নেতা ডিসেম্বরের দিকে ছড়িয়ে পড়া এ ভাইরাস নিয়ে শুরুর দিকে স্থানীয় প্রশাসনের উদাসীনতার বিষয়ে ‘অনুশোচনা’ প্রকাশ করেছেন।

চীনের হুবেই প্রদেশের উহান সিটিতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে এ রোগের চিকিৎসায়।

স্পেন, যুক্তরাজ্যসহ বিশ্বের প্রায় ২০টি দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

করোনাভাইরাস মোকাবেলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় ‘হু’র মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব অন্য দেশগুলোতেও দেখা যাচ্ছে। ইতোমধ্যে চীনের সবগুলো প্রদেশ ছাড়াও অন্তত ২০টি দেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ রোগ মানুষের মাধ্যমেই দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে চীন থেকে বাংলাদেশে আসা যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনাভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সেখান থেকে ৩১২ জনকে শনিবার ফিরিয়ে আনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.