Sylhet Today 24 PRINT

লন্ডনে ছুরি হামলায় আহত ৩, নিহত হামলাকারী

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২০

যুক্তরাজ্যের লন্ডনের দক্ষিণাঞ্চলে ছুরি হামলা চালানো হয়েছে। ওই ঘটনার পর ভুয়া বিস্ফোরক ডিভাইস পরিহিত হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। রোববার এই ঘটনার পর তিন জনকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। এদের মধ্যে এক জনের অবস্থা ঝুঁকিপূর্ণ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি জঙ্গি হামলা ছিল।

রোববার স্থানীয় সময় দুপুর ২ টা নাগাদ স্ট্র্যাথাম হাইরোডে এক ব্যক্তি ছুরি হাতে পথচলতি লোকজনের ওপরে হামলা করে। টেমস নদীর দক্ষিণে অবস্থিত ব্যস্ত আবাসিক এলাকা স্ট্রিথাম এ হামলা চালানো হয়েছে। ঘটনার আকস্মিকতা কাটিয়ে লোকজন উদভ্রান্ত হয়ে ছোটাছুটি শুরু করে দেন। এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয় হামলাকারীর।

পুলিশ জানিয়েছে, নিহত হামলাকারীর নাম সুদেশ আম্মান। তার বয়স ২০ বছর। এর আগে সে সন্ত্রাসী কার্যকলাপের জন্য জেলে ছিল।

ওই হামলার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কয়েকজন প্রত্যক্ষদর্শী সোশ্যাল মিডিয়ায় নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন। এদিন মোট তিনটি গুলি গুলির শব্দ তাঁরা শুনেছেন বলে কয়েকজন জানান।

হামলাকারীর হাতে বন্দুক ছিল বলেও অনেকের দাবি। যদিও পুলিশ এই সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি। এই ঘটনার পরে লন্ডন-সহ দেশজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.