আন্তর্জাতিক ডেস্ক | ০৪ ফেব্রুয়ারী, ২০২০
কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী নাইরোবির উত্তরপশ্চিমে কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
স্থানীয় সময় ৫টার দিকে শিশুরা স্কুল ছুটির পর ক্লাস থেকে বের হয়ে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত আরও প্রায় ৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কীভাবে পদদলনের ঘটনাটি ঘটলো তা এখনও পরিষ্কার হয়নি। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কাকামেগার পুলিশ কমান্ডার ডেভিড কাবেনা ।
কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সরু একটি সিঁড়ি দিয়ে নামার সময় সেটি ভেঙে পড়ে।
যারা মারা গেছে তাদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে কেনিয়ার শিক্ষা মন্ত্রণালয়।