Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস : চীন ফেরত ব্যক্তির হংকংয়ে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হংকংয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ৩৯ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই ব্যক্তি গত জানুয়ারিতে চীনের উহান শহরে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর আগে ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে। ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি চীনের নাগরিক। তিনি উহান শহর থেকে ফিলিপাইনে গিয়েছিলেন। এরপর সেখানেই মারা গেছেন।

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত সেখানে ৪২৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। এছাড়া আরও প্রায় ২০ হাজার ৪৩৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে আরও ২৩টি দেশে কমপক্ষে আরও ১৫১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

হংকংয়ে এখন পর্যন্ত ১৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে। মানুষ থেকে মানুষে সংক্রমণের এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান।

অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। অনেক দেশের এয়ারলাইন্স চীনগামী ফ্লাইটও বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.