Sylhet Today 24 PRINT

‘করোনাভাইরাসের জেরে’ ধর্ষণের হাত থেকে রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০২০

অভিযুক্ত যুবক জিয়াও

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে অস্থির চীনের জনগণ। এর হাত থেকে রক্ষা পেতে গোটা চীনেই বিরাজ করছে অন্যরকম এক পরিস্থিতি। এমন অবস্থার মধ্যে সেখানে নিজেকে করোনায় আক্রান্ত বলে সম্ভাব্য ধর্ষণের হাত থেকে বেঁচে গেছেন এক নারী।

গেল শুক্রবার উহানের নিকটবর্তী জিংশান শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ডেইলি মেইল। তার প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ওই নারীর নাম ইয়ি। আর ২৫ বছর বয়সী অভিযুক্ত ওই যুবকের নাম জিয়াও।

পুলিশ জানিয়েছে, রাতে জানালা ভেঙে জিয়াও নামে ওই যুবক ইয়ি'র ঘরে প্রবেশ করে। তখন ইয়ি বুঝতে পারেন, জিয়াও তাকে ধর্ষণ করতে এসেছে। তখন তিনি তার সামনে কাশি দিতে শুরু করেন।

ইয়ি চিৎকার করে বলেন, ‘আমি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উহান থেকে ফেরত এসেছি। এজন্য আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা থাকছি।’

এরপর জিয়াও ভয় পেয়ে পালিয়ে যান। তবে যাওয়ার আগে তার বাসা থেকে বেশ কিছু টাকা নিয়ে যান তিনি। যদিও পুলিশ পরে তাকে আটক করে।

এদিকে, করোনাভাইরাসে মৃত্যুর মিছিল থামছেই না। আজ বুধবার পর্যন্ত এ ভাইরাস কেড়ে নিয়েছে ৪৯২ জনের প্রাণ। এর মধ্যে শুধু চীনেই মারা গেছে ৪৯০ জন। এ ছাড়া এ ভাইরাসে আরও একজন করে মৃত্যু হয়েছে হংকং ও ফিলিপাইনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.