Sylhet Today 24 PRINT

জন্মের ৩০ ঘণ্টার মধ্যেই নবজাতকের শরীরে করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২০

চীনের হুবেই প্রদেশের উহান শহরে জন্মের মাত্র ৩০ ঘণ্টার মধ্যেই এক নবজাতকের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হওয়া সবচেয়ে কম বয়সী রোগী এই শিশু।

বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে বলেছে, নবজাতকের শিশুটির মায়ের শরীরেও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। শিশুটি গর্ভাবস্থায় বা জন্মের সময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। জন্মের ঠিক পরপরই শিশুটি সংক্রমিত হয়ে থাকতে বলে জানিয়েছেন উহানের চিকিৎসকরা।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৫৬৪ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনেই ৭২ জনের মৃত্যু হয়েছে। বুধবার মৃত ৭২ জনের সবাই হুবেই প্রদেশের। এ নিয়ে প্রদেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৪৯ জনে।

চীনের মূল ভূ-খণ্ডের বাইরে এখন পর্যন্ত মারা গেছে অন্তত দুইজন। মঙ্গলবার হংকংয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান। তিনি কিছুদিন আগেই করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ফিরেছিলেন। এর আগে, গত সপ্তাহে ফিলিপাইনে মারা যান উহানফেরত আরও একজন।

জাপানে একটি ক্রুজ জাহাজে ১০ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে আর হংকংয়ে প্রথম মৃত্যুর ঘটনার পর সেখানে ফ্লাইট চলাচল স্থগিত করেছে দুটি মার্কিন এয়ারলাইন্স। দেশটির বিভিন্ন প্রভিন্সে নেওয়া হচ্ছে বিশেষ বিশেষ ব্যবস্থা।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশ।

বিশ্বের অনেক দেশই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে। বেশিরভাগ এয়ারলাইন্স কোম্পানিগুলো চীনগামী ফ্লাইট বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.