Sylhet Today 24 PRINT

২০ জনকে হত্যা করা থাই সেনা গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২০

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরপূর্বে নাখন রাৎচসিমা শহরে এলোপাথাড়ি গুলি চালিয়ে ২০ জনকে হত্যা করা সেনাসদস্য দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। থাই পুলিশের বরাত দিয়ে রোববার সকালে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাক্রাফন্থ থম্মা নামের ওই সেনা সদস্য শনিবার একটি সামরিক ক্যাম্পে এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে হত্যার পর তার অস্ত্র চুরি করে প্রথমে নাখন রাৎচসিমা শহরের রাস্তায় এবং পরে একটি শপিংমলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। এতে ২০ জন নিহত ও ৪২ জন আহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে ওই ভবনে সারারাত কোনঠাসা হয়ে থাকার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ওই সেনাসদস্য নিহত হন। তবে ওই সেনাসদস্য কেন এমন ঘটনা ঘটিয়েছেন তা এখনও পরিষ্কার নয়।

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কংচীপ তানত্রওয়ানিত বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'আমরা জানি না সে কেন এমন ঘটনা ঘটালো। মনে হচ্ছে-‌ সে পাগল হয়ে গিয়েছিল।'

লোকজনের ওপর এলোপাথাড়ি গুলি চালানো জাক্রাফন্থ থম্মা নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে নিহত হওয়ার পর দেশটির জনস্বাস্থ্য মন্ত্রী অনুতিন চর্ণবিরাকুল রোববার সকালে তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে নিরাপত্তাবাহিনীর সদস্যদেরকে তাদের কাজের জন্য অভিনন্দন জানান তিনি। পোস্টে তিনি লিখেছেন, 'পরিস্থিতির সমাপ্তি ঘটানোয় পুলিশ ও সেনাবাহিনীকে ধন্যবাদ। গুলি চালানো ব্যক্তি গুলিতে নিহত!!!'

থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের প্রাদেশিক কার্যালয়ের প্রধান নারিনরাত পিচাইয়াখামিন বলেন, শনিবারের ঘটনায় ২০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.