Sylhet Today 24 PRINT

ভয়ংকর রূপ নিচ্ছে করোনাভাইরাস, মৃতের সংখ্যা ৯০৮

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২০

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, এখন পর্যন্ত এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রোববার একদিনে সর্বোচ্চ ৯৭ জন মারা গেছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৭১ জন। এছাড়া ১ লাখ ৮৭ হাজার ৫১৮ জন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

এ দিকে করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ২৮১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ভাইরাসটির কেন্দ্রস্থল উহানে বিভিন্ন জিমনেশিয়াম, প্রদর্শনী কেন্দ্র এবং ক্রীড়া কেন্দ্রগুলোকে অস্থায়ী হাসপাতাল বানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো উহানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ ২৮টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এবং প্রাণহানি বাড়তে থাকায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপর এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশগুলো ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেয়।

চীন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। ফলে কোনো কোনো দেশ চীনা নাগরিকদের নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এ পরিস্থিতিতে মাত্র ৩৫ দিনেই চীনের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ রয়েছে এমন দেশের অর্থনীতিও ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশের জন্য এই ঝুঁকি
অনেকের চেয়ে বেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.