Sylhet Today 24 PRINT

সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০২০

সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশী শ্রমিক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) এক হালনাগাদ তথ্যে নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেয়া তথ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন সিঙ্গাপুরে নতুন করে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশী শ্রমিক, অপরজন রিসোর্ট ওয়ার্ল্ড সেন্তোসা ক্যাসিনোর কর্মচারী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, সবশেষ আক্রান্ত বাংলাদেশী শ্রমিকের বয়স ৩৯ বছর। তিনি ১০ সিলেটার অ্যারোস্পেস হেইটসে কর্মরত ছিলেন।

ভাইরাসে আক্রান্ত এ বাংলাদেশীর চীন ভ্রমণের কেনো তথ্য পাওয়া যায়নি। গত ৬ ফেব্রুয়ারি তিনি অসুস্থ বোধ করলে পরের দিন তাকে সাধারণ চিকিৎসা দেয়া হয়। এরপর ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরের জাতীয় সংক্রামক রোগ কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়।

শেষ এই দুইজনের মাধ্যমে সিঙ্গাপুরে ভাইরাসটিতে মোট ৪৭ জন রোগী আক্রান্ত হলেন, যার মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশী শ্রমিকের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানায়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আরও একজনের আক্রান্ত হওয়ার তথ্যের মাধ্যমে ভাইরাসটিতে সিঙ্গাপুরে দ্বিতীয় কোনো বাংলাদেশীর আক্রান্ত হওয়ার খবর এলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.