Sylhet Today 24 PRINT

আম আদমি বিধায়কের বিজয় মিছিলে গুলি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২০

ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন আম আদমি পার্টির (এএপি) নরেশ যাদব। মঙ্গলবার রাতে নবনির্বাচিত আইনপ্রণেতা মন্দিরে পূজা সেরে ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।

এই হামলায় অশোক মান নামে এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। একই ঘটনায় অক্ষত রয়েছেন মেহরাউলি থেকে নির্বাচিত ওই আইনপ্রণেতা।

এর মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গুলি ছোড়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আটক ব্যক্তি বলেন, হত্যার উদ্দেশে অশোক মান ও তাঁর ভাতিজা হারেন্দেরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বিধায়ক নরেশ যাদব তাঁদের লক্ষ্যবস্তু ছিলেন না।

মেহরাউলি আসনে বিজেপির কুসুম ক্ষত্রীকে ১৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয় পান এএপির নরেশ যাদব।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। গুলির ঘটনা তদন্তে সব দিক খতিয়ে দেখার কথা জানিয়েছে তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.