Sylhet Today 24 PRINT

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০২০

মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন। মঙ্গলবার রাজধানী কায়রোর একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে বিবিসি জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

২০১১ সালে কয়েক দিনের টানা সরকারবিরোধী বিক্ষোভের পর মিশরীয় সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করেছিল।

আরব বসন্তের ধাক্কায় ২০১১ সালে টানা ১৮ দিনের তীব্র আন্দোলনের মুখে মোবারকের ৩০ বছরের শাসনের অবসান ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার দুই মাস পর ২০১১ সালের এপ্রিলে গ্রেপ্তার হন হোসনি মোবারক। তখন থেকেই তিনি কারাগারে বন্দি ছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে কড়া নিরাপত্তায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকেন।

অভ্যুত্থান চলাকালে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে শীর্ষ আদালত তখন তাকে খালাস দেন। ২০১২ সালে একটি অভিযোগে মোবারককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল করলে উচ্চ আদালত পুনর্বিচারের নির্দেশ দেন। দুই বছর পর মামলাটি খারিজ করে দেন আদালত। এরপর গত ২ মার্চ আপিল আদালত তাকে হত্যাকাণ্ডের দায় থেকেও অব্যাহতি দেন।

বেশিরভাগ অভিযোগ থেকে খালাস পান ২০১৭ সালে।

পুরো আরব বিশ্ব কাঁপিয়ে তোলা ওই গণ-অভ্যুত্থানে গদি হারানো নেতাদের মধ্যে মোবারকই প্রথম, যাকে নানা অভিযোগে বিচারের মুখোমুখি হতে হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.