Sylhet Today 24 PRINT

একজোট হচ্ছে রাশিয়া-মার্কিন যুক্তরাষ্ট্র, ইস্যু আইএস দমন

নিউজ ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৫

সিরিয়ায় যুদ্ধের অবসানের জন্য যে আপোষ- সমঝোতা প্রয়োজন তা স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ।

সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবার সময় মি. ওবামা বলেন, সিরিয়ার এই সংঘাতের নিষ্পত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইরান সহ যে কোন দেশের সাথে কাজ করতে ইচ্ছুক।

এই অধিবেশনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনও ভাষণ দিচ্ছেন, এবং তিনিও বলেছেন রাশিয়া অন্যদের সাথে কাজ করতে ইচ্ছুক।

আজই আরো পরের দিকে মি ওবামা এবং মি পুটিনের মধ্যে বৈঠক হবার কথা রয়েছে।

রুশ প্রেসিডেন্ট পুটিনের যুক্তি হচ্ছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদই ইসলামিক স্টেট জঙ্গীদের সাথে লড়াইয়ের উপযুক্ত ব্যক্তি এবং সেজন্যই তার হাত শক্তিশালী করতে হবে।

তিনি তার ভাষণে বলেন, বাশার আসাদকে সমর্থন না করাটা এক বিরাট ভুল এবং ইসলামিক স্টেটের বিরোধী সবাইকে সমন্বিত করার একটি প্রস্তাবের কথাও বলেন মি. পুটিন।

মার্কিন প্রেসিডেন্ট ওবামা তার ভাষণে - বাশার আল-আসাদের প্রতি রাশিয়া যে অব্যাহতভাবে সমর্থন দিচ্ছে তার সমালোচনা করে বলেন, মি. আসাদ তার ভাষায় একজন স্বৈরাচারী, যিনি তার নিজের দেশের মানুষের ওপর পাশবিক নিপীড়ন চালিয়েছেন, রাসায়নিক অস্ত্র এবং নির্বিচার বোমাবর্ষণ করেছেন।

“কিন্তু তার শাসন থেকে নিয়ন্ত্রিত উত্তরণের জন্য একটা বাস্তবসম্মত প্রক্রিয়ার প্রয়োজন আছে।“ বলেন মি. ওবামা।

প্রেসিডেন্ট ওবামা রাশিয়ার প্রতি ইউক্রেনে তার আগ্রাসন বন্ধ করা এবং কূটনৈতিক সমাধানের পথ নেবারও আহ্বান জানান।

এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ অধিবেশন উদ্বোধনের সময় নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান যেন তারা সিরিয়ার যুদ্ধ বন্ধের জন্য সহায়তা করে। মি. বান বলেন, আঞ্চলিক রেষারেষি সিরিয়ার সংঘাতকে উস্কে দিচ্ছে।

তিনি রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, সউদি আরব, ইরান এবং তুরস্কের প্রতি সমঝোতার আহ্বান জানান।

উল্লেখ্য আজই আরো পরের দিকে ভ্লাদিমির পুটিন এবং বারাক ওবামার একটি বৈঠক হতে যাচ্ছে – যাতে দুই নেতা সিরিয়া সংকট সমাধানের জন্য অভিন্ন একটা অবস্থানে পৌছানো যায় কিনা তা বের করতে চেষ্টা করবেন।

বিবিসি বাংলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.