Sylhet Today 24 PRINT

ইতালিতে একদিনে ৭৯৩ জন মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ মার্চ, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। একইসঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত কোনো দেশের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এ নিয়ে ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জন। এছাড়া সর্বোচ্চ মৃত্যুর তালিকায় চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৫৭ জন। ইতালিতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২ হাজার ৬৮১। সবমিলিয়ে, দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জন।

এদিকে মিলানের কবরস্থানগুলোতে দাফনের জায়গা না থাকায় কাছের শহরে বারগেমোতে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় কবরস্থানের বিপুল সংখ্যক মরদেহ সৎকারের কাজ করতে গিয়ে শারীরিক ও মানসিক চাপের মুখে পড়ছেন সংশ্লিষ্টরা।

ইতালির মিলান শহরের কবরস্থানগুলোতে দাফনের জায়গা সংকুলান না হওয়া ছাড়াও দেখা দিয়েছে মরদেহ দাফনকারী কর্মীর সংকট। প্রতিনিয়ত মৃতদেহ আসতে থাকায় সৎকার কাজে হিমশিম খাচ্ছেন কর্মীরা। করোনাভাইরাস ভয়াবহ ছোঁয়াচে হওয়ায় মৃতদের দাফনে সহায়তার জন্য পাওয়া যাচ্ছে না নতুন কর্মী।

যে শহর মানুষের পদচারণায় দিনরাত মুখরিত হয়ে থাকতো আজ সেই শহর নীরব নিস্তব্ধ। চারদিকে শুধু অ্যাম্বলেন্সের সাইরেন। প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। মৃত্যুর সংখ্যা বাড়তে বাড়তে মৃত্যুপরীতে পরিণত হয়েছে ইতালি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.