Sylhet Today 24 PRINT

ঢাকায় আইএস ‘উপস্থিতি’ : বিস্মিত ভারতীয় গোয়েন্দারা

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৫

বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) উপস্থিতি আছে এমনটা মনে করছেন না ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা। এ কারণে ঢাকায় তাদের ‘উপস্থিতিতে’ বিস্ময় প্রকাশ করেছেন তারা।

আইএসের পক্ষ থেকে ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লাকে ‘হত্যার দাবিতে’ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বিস্মিত হয়েছে। আইএস না হলেও একই মতাদর্শের অনুসারিদের মাধ্যমেও এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে মনে করছেন তারা।

ভারতের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, “বাংলাদেশে আইএসের প্রত্যক্ষ উপস্থিতির কোনো স্পষ্ট প্রমাণ নেই। তবে দেশটিতে বিভিন্ন মৌলবাদী ইসলামপন্থি গ্রুপের ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যারা সন্ত্রাসের হুমকি তৈরি করেছে। ইতালীয়কে হত্যা কোনো আইএসের সমর্থকের বিচ্ছিন্ন হামলা হতে পারে।”

ভারতেও এ ধরনের হামলার আশঙ্কা উড়িয়ে দেননি ওই কর্মকর্তা। সেখানেও তরুণদের একাংশ আইএসের প্রতি আগ্রহ দেখানোর পাশাপাশি তাদের বিভিন্ন জিনিস অনলাইনে পোস্ট করছে।

“আইএসের সহিংস উগ্রপন্থার মতাদর্শে অনুপ্রাণিত হয়ে মৌলবাদী ব্যক্তি বা গ্রুপের ভারতে বিচ্ছিন্ন হামলা চালানোর ঝুঁকি রয়েছে। তবে সংস্থাগুলো এ বিষয়ে সজাগ রয়েছে এবং এ ধরনের ব্যক্তি/গোষ্ঠীকে চিহ্নিত করার চেষ্টা করছে,” বলেন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

বর্তমানে ১০ জনের মতো ভারতীয় সিরিয়া/ইরাকে আইএসের নিয়ন্ত্রণে থাকা এলাকায় অবস্থান করছে এবং প্রায় ২৫ থেকে ৩০ জনকে সেখানে যাওয়া থেকে আটকানো হয়েছে।

সিরিয়ায় আইএস সদস্যদের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়ে সম্প্রতি ১০ জনের মতো তরুণকে সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় ফেরত পাঠানো হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় গুলশানের কূটনীতিকপাড়ায় গুলি চালিয়ে তাভেল্লাকে হত্যার ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এতে ভারতেও এ ধরনের হামলার হুমকি আরও স্পষ্ট হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.