সিলেটটুডে ডেস্ক | ০১ অক্টোবর, ২০১৫
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের গাড়িবহরের কারণেই হজব্রত পালনকালে মিনায় স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে। দুর্ঘটনার পর থেকেই ইরানসহ বিভিন্ন দেশ এ অভিযোগ করে আসছে। হজ শেষে দেশে ফেরা বাংলাদেশি হাজিরাও এমন অভিযোগ করেছেন।
সম্প্রতি ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা মিনায় পদদলনের ঘটনার দিন সৌদি প্রিন্সের গাড়িবহরের ভিডিও বলে দাবি করা হয়েছে।
হজ থেকে দেশ ফেরা সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সালমানের গাড়ি বহরের কারণে দুটি সড়ক বন্ধ করে দেওয়া হলে গত ২৪ সেপ্টেম্বর মিনার পথে পদদলনে হতাহতের ঘটনা ঘটে। যদিও সৌদি কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে।
মিনা থেকে জামারাতে প্রতীকী শয়তানকে পাথর ছুঁড়তে যাওয়ার সময় পদদলনের ঘটনায় সহস্রাধিক হাজির মৃত্যু হয়। যদিও ইরানের দাবি, এ সংখ্যা অনেক বেশি।
ইউটিউবে আসা ভিডিওতে যে গাড়িবহর দেখানো হয়েছে, তা সৌদি প্রিন্সের কিনা, অথবা ভিডিওটি ওই সময়েরই কিনা- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
৪ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কালো রংয়ের জিপ, বড় বাস, অ্যাম্বুলেন্সের বিরাট একটি বহর থেমে থেমে চলছে। এক পাশে বহু মানুষ অপেক্ষায় আছেন, যাদের পরনে হজের ইহরাম।
ইরানের প্রেসটিভির লোগো সম্বলিত ভিডিওটি ইউটিউবে তোলা হয়েছে টিবি-থ্রি নামে একটি চ্যানেল থেকে।
তবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারল মনসুর তুর্কি বলেছেন, ওইদিন ভোরের পর থেকে দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে কোনো গাড়িবহর যায়নি; চলাচলের পথও বন্ধ করা হয়নি।