Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১০, গুলির আগে জানতে চেয়েছিল ধর্মীয় পরিচয়

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০২ অক্টোবর, ২০১৫

যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছেন আরও ২০জন।  বিবিসি জানায়,  যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যের একটি কলেজে এক বন্দুকধারীর গুলিতে এমন হতাহতের ঘটনা ঘটে।  পুলিশ জানিয়েছে, পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হামলাকারী ব্যক্তিও নিহত হয়েছেন। তবে, নিহত এই ১০ জনের মধ্যেই সেই হামলাকারী রয়েছে কি-না তা এখনো নিশ্চিত নয়।

সিএনএন জানিয়েছে, বন্দুকধারীর টার্গেট ছিলো খৃশ্চান ধর্মের লোক হত্যা করা। গুলির আগে সবার ধর্মীয় পরিচয় জানতে চেয়েছিল সে। ওই রাজ্যের স্থানীয় একটি পত্রিকাও একই খবর জানিয়েছে যে গুলি শুরু করার আগে বন্দুকধারী ব্যক্তিটি সবার ধর্মীয় পরিচয় জানতে চেয়েছিল।

এই ঘটনায় আহত, আনাস্তিসিয়া বয়লান স্পাইনাল সার্জারিতে ঢুকার আগে তাঁর বাবাকে জানিয়েছে, বন্দুকধারী ক্লাসে ঢুকে গুলি করে। মাথা নিচু করে অনেকে বাঁচার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। গুলি করার আগে বন্দুকধারী বলে যারা খৃশ্চান আছ তারা দাঁড়াও, এরপরই গুলি শুরু করে।

যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যের আম্পকুয়া কমিউনিটি কলেজে স্থানীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৩ জন বলা হলেও, পরে ১০ জন বলেই জানানো হয়, এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

যেখানে হতাহতের এই ঘটনাটি ঘটেছে সেটি ওরিগনের একটি গ্রাম্য এলাকা এবং পোর্টল্যান্ড শহর থেকে আরো ২৮০ কিলোমিটার দক্ষিণে। ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী জানান,  তার শিক্ষকের মাথায় ওই আততায়ীকে গুলি করতে তিনি দেখেছেন।
হামলার আগে গত বুধবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারী নিজের ইচ্ছার কথা জানিয়েছিল বলেও উল্লেখ করছে কিছু গণমাধ্যম।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এই পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে এবং ঘটনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করা হবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.