আন্তর্জাতিক ডেস্ক | ১১ এপ্রিল, ২০২০
করোনাভাইরাস মোকাবিলায় বিদ্যমান লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ইতালি। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে এ ঘোষণা দেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন কার্যকর থাকবে। দ্বিতীয় দফায় সংক্রমণের আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ফের ব্যবসায়িক কর্মকাণ্ড শুরুর দাবি প্রত্যাখ্যান করে ইতালির প্রধানমন্ত্রী বলেন, এখন এ অনুমতি দেওয়া হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে। আমাদের বিশেষজ্ঞরা বলছেন, এতে করে যাবতীয় অর্জনগুলোও ধূলিস্মাৎ হয়ে যেতে পারে। এটি হবে আমাদের সবার জন্য পরাজয়।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ১১ এপ্রিল শনিবার সকাল পর্যন্ত ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৭ হাজার ৫৭৭। এর মধ্যে ১৮ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৩০ হাজার ৪৫৫ জন।
নতুন করে ভাইরাসটির বিস্তার ঠেকাতে মরিয়া ইতালি সরকার। নাগিরকদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিশ্চিতে কাজ করে যাচ্ছে সামরিক বাহিনীর সদস্যরা।