Sylhet Today 24 PRINT

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক  |  ১৫ এপ্রিল, ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর বিরুদ্ধে চীন ঘেষা অভিযোগ এনে প্রতিষ্ঠানটিতে অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে তার এ সিদ্ধান্ত জানান।

মঙ্গলবারের ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, হোয়াইট হাউজের কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছি, আপাতত বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থ সহায়তা বন্ধ করার জন্য। প্রতিষ্ঠানটি তার প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ। তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে। 

ট্রাম্প বলেন, মহামারিটি তার উৎপত্তিস্থলেই সীমিত রাখা যেত, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভুলের কারণে অনেক মৃত্যুর ঘটনা ঘটছে।

এর আগে ৭ এপ্রিল নিয়মিত ব্রিফিংয়ে ডব্লিউএইচও'কে  ‘অনেক বেশি চীনঘেঁষা’ বলে সমালোচনা করে সংস্থাটিতে অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক এক সপ্তাহ পর ১৪ এপ্রিলের নিয়মিত ব্রিফিংয়ে অর্থ সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত জানালেন ট্রাম্প।

৭ এপ্রিলের ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আক্রমণ করে ট্রাম্প বলেছিলেন, চীনের প্রতি অতিরিক্ত নজর দিতে গিয়ে, যুক্তরাষ্ট্রকে ভুল পরামর্শ দিয়েছে সংস্থাটি।  ডব্লিউএইচও যদি তাদের আচরণে পরিবর্তন না আনে তাহলে যুক্তরাষ্ট্র তাদের জন্য বরাদ্দকৃত সকল তহবিল বাতিল ঘোষণা করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.