Sylhet Today 24 PRINT

৪ মে থেকে জার্মানিতে বিধিনিষেধ শিথিল হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের মহামারি নিয়ন্ত্রণে আরোপ করা বিধিনিষেধ ধীরে ধীরে শিথিলের পরিকল্পনা ঘোষণা করেছেন জার্মানির প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা ম্যার্কেল। সামাজিক শিষ্টাচার মেনে চলার নিয়ম বলবৎ থাকবে আগামী ৩ মে পর্যন্ত। তবে গণপরিবহন ও দোকানে মাস্ক ব্যবহার চালু থাকবে। এছাড়া আগামী সপ্তাহ থেকে খুলে দেওয়া হবে নির্দিষ্ট সাইজের দোকান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী ৪ মে থেকে পর্যায়ক্রমে জার্মানির স্কুলগুলো খুলে দেওয়া হবে।

করোনা সংক্রমণ মোকাবিলায় পুরোপুরি লকডাউনের পথে না গিয়ে দুইয়ের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করে জার্মানি। মানুষের মধ্যে কমপক্ষে দেড় মিটার দূরত্ব বজায় রাখাও বাধ্যতামূলক করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার ব্যবস্থা ছাড়া দোকানবাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক স্থাপনা বন্ধ রাখা হয়। তবে ইস্টার সানডের পর বিধিনিষেধে শিথিলতা আনতে সরকারের ওপর চাপ বাড়তে থাকে।

এমন পরিস্থিতিতে বুধবার ১৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা শুরু করেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল। পরে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সরকারি সিদ্ধান্ত তুলে ধরেন তিনি। ধর্মীয় জমায়েতসহ বড় ধরনের জনসমাগম আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। বার, ক্যাফে, রেস্টুরেন্ট, সিনেমা ও গানের আয়োজনগুলোও বন্ধ থাকবে।

জার্মান সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ২৭ হাজার ৫৮৪ জন। আর মৃত্যু হয়েছে তিন হাজার ২৫৪ জনের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.