Sylhet Today 24 PRINT

কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৬

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারকৃত এক আসামির কারাগারে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. জিন্নাত আলী ওরফে জিন্নাত (৬৫।

অভিযুক্ত এ ব্যক্তির বাড়ি কক্সবাজারের মহেশখালী। গাজীপুরের কাশিমপুর কারাগারে জিন্নাত আলী গত ৫ মাস ধরে ছিলেন।

যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত জিন্নাত বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানিয়েছেন কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সুপার মো. মিজানুর রহমান।

তিনি বলেন, সোমবার মধ্যরাতে জিন্নাত আলী বুকে ব্যথার অভিযোগ করলে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়।

“সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

গত বছরের ২১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই দিনই জিন্নাতকে আটক করা হয়। এর পর গত পাঁচ মাস তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।

জিন্নাতসহ কক্সবাজারের মহেশখালীর ১৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যা ১৯ জানুয়ারি আদালতে দাখিলের কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.