Sylhet Today 24 PRINT

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আজহারের রায়ের রিভিউ আবেদন কার্যতালিকায়

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির জন্য কার্যতালিকায় এসেছে।

আগামীকাল বৃহস্পতিবার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ৯ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে, গত ২৩ জানুয়ারি আপিল বিভাগ শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে আপিল করলে ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। এরপর ওই রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করা হয়।

এদিকে এই যুদ্ধাপরাধী জামায়াত নেতার দ্রুত মুক্তির দাবিতে ১৮ ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতা-কর্মীরা। তাঁদের দাবি, অন্যায়ভাবে এ টি এম আজহারকে গত ১৩ বছর ধরে কারাগারে রেখেছে আওয়ামী লীগ সরকার। তাই আওয়ামী লীগের পতনের পর ছয় মাস পার হলেও তাঁর মুক্তি না মেলায় তাঁরা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। সেই সঙ্গে তাঁর মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দিয়েছেন জামায়াতের নেতা-কর্মীরা।

জামায়াতের নেতা এ টি এম আজহারুল ইসলামের পক্ষে আপিল বিভাগে শুনানি করবেন সিনিয়ার আইনজীবী ও জামায়াতের সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। দীর্ঘদিন প্রবাসে থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.