Sylhet Today 24 PRINT

যুদ্ধাপরাধী আযাদের আপিল গ্রহণের আদেশ আজ হচ্ছে না

সিলেটটুডে ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ যুদ্ধাপরাধী আবুল কালাম আযাদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, এ বিষয়ে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আদেশ হচ্ছে না।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আরও একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় এ আদেশের সময় পিছিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন আবুল কালামের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।

এর আগে এ বিষয়ে আদেশের জন্য ৭ সেপ্টেম্বর দিন ঠিক করেছিলেন আপিল বিভাগ। গত ৩১ আগস্ট আপিল বিভাগ এই দিন নির্ধারণ করেন। ওইদিন আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তারও আগে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় করা আপিলে আবুল কালাম বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত চান।

একাত্তরে বাচ্চু রাজাকার নামে পরিচিতি পাওয়া যুদ্ধাপরাধী আবুল কালাম আযাদ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য। পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীনতার ৪১ বছর পরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় এটিই ছিল প্রথম রায়।

তার বিরুদ্ধে এ-সংক্রান্ত অভিযোগ ওঠার আগে আবুল কালাম বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে বেশি পরিচিতি পেয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগ আনে।

২০২৪ সালের জুলাই আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের অক্টোবরে আবুল কালামের মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগেই তার দেশে ফেরার খবর আসে।

চলতি বছরের ২১ জানুয়ারি আত্মসমর্পণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন আবুল কালাম। সেদিন শুনানি নিয়ে ট্রাইব্যুনাল এক আদেশে আসামিকে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি সরবরাহ করা ও যতক্ষণ না আপিল বিভাগ যথাযথ আদেশ দেন, ততক্ষণ আবুল কালাম যেমন আছেন, তেমনই থাকবেন বলে উল্লেখ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.