Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধারা বছরে ৫টি বোনাস পাবেন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৮

ফাইল ছবি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামীতে মুক্তিযোদ্ধাদের বছরে পাঁচটি বোনাস দেয়া হবে।

বুধবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে মরহুম মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজের উদ্ধোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা বৃদ্ধি করেছে। বর্তমানে দুইটি বোনাস দেয়া হচ্ছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও পহেলা বৈশাখে বোনাস দেয়া হবে মুক্তিযোদ্ধাদের।

তিনি আরও বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের গর্বিত সাফল্যের কথার পাশাপাশি চিহ্নিত রাজাকারদের কুর্কীতির কথাও থাকবে। এর ফলে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ও রাজাকারদের সম্পর্কে সঠিক তথ্য ও ধারণা পাবে।

লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত বাঙালি প্রমুখ বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.