Sylhet Today 24 PRINT

খোসপাঁচড়া বা স্ক্যাবিস কী? প্রতিরোধে করণীয়

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

খোখোসপাঁচড়া (স্ক্যাবিস) অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ, যা খুবই কষ্টদায়ক। স্ক্যাবিস হলে কী করবেন এই বিষয়ে জেনে নিন।

খোসপাঁচড়া (স্ক্যাবিস) কী ?

খোসপাঁচড়া (স্ক্যাবিস) একটি প্যারাসাইটিক বা পরজীবী চর্মরোগ। এটি ছোঁয়াচে, সারকোপটিস স্ক্যাবিয়া নামক এক ধরনের পরজীবীর আক্রমণে হয়।

খোসপাঁচড়া (স্ক্যাবিস) হয়েছে এমন কারো সরাসরি সংস্পর্শ, সংক্রমিত ব্যক্তির জামা-কাপড়, বিছানা, তোয়ালেসহ ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে স্ক্যাবিসের জীবাণু একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায়। পরিবার, হোস্টেল, মাদ্রাসায় একজন আক্রান্ত হলে দেখা যায় বাকি সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। যারা অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করে, ঘনবসতিপূর্ণ এলাকা, বস্তি এলাকা, হোস্টেল, মাদ্রাসায় যেখানে অনেকে একসঙ্গে থাকেন এমন পরিবেশে স্ক্যাবিস বা খোসপাঁচড়া খুব বেশি ছড়ায়। সঠিক চিকিৎসা না হলে খোসপাঁচড়া (স্ক্যাবিস)’র কারণে কিডনিতে জটিলতা দেখা দিতে পারে।


খোসপাঁচড়ার (স্ক্যাবিস) লক্ষণ:-

১. খোসপাঁচড়া (স্ক্যাবিস) হলে সারা শরীরে চুলকানি হয়। বিশেষ করে আঙুলের ফাঁকে, কবজি, কনুই, বুকের নিচে, বগলের নিচে, পেটে, নাভির চারপাশে, পায়ের দুই পাশে চুলকানি বেশি অনুভূত হয়।

২. চুলকানি রাতে বেশি হয়।

৩. ছোট ছোট র‌্যাশ বা ফুসকুঁড়ির মতো হয়।

৪. চিকিৎসা না হলে দীর্ঘদিন চুলকানির ফলে একসময় ঘা এর মতো হয়ে যায়, সংক্রমিত হয়ে যায়।

এ ছাড়া নরওয়েজিয়ান স্ক্যাবিস নামে এক ধরনের খোসপাঁচড়া বা স্ক্যাবিস আছে যা ক্রাস্টেড স্ক্যাবিস নামেও পরিচিত। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অনেক বেশি বয়স, কোনো রোগের কারণে দীর্ঘদিন বিছানায়, এইচআইভি আক্রান্ত রোগী, তাদের মধ্যে এটি দেখা যায়। ক্রাস্টেট স্ক্যাবিস হলে শরীরে স্কেলিং হয় অর্থাৎ চামড়া উঠতে থাকে, চামড়ার স্তর জমে জমে পুরু হয়ে যায়।

প্রতিরোধ:-

স্ক্যাবিস বা খোসপাঁচড়া যাতে না হয় সেজন্য সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়মিত সঠিকভাবে গোসল করতে হবে। স্ক্যাবিস সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। সংক্রমিত ব্যক্তির বিছানা, তোয়ালে, পোশাক, ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না। কারো স্ক্যাবিস হলে তার ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখতে হবে। ঘনবসতিপূর্ণ, সংক্রমণপ্রবণ এলাকায় সতকর্তা মেনে চলা এবং প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাড়ির কেউ সংক্রমিত হলে সবাইকে চিকিৎসা নিতে হবে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা
শুরু করতে হবে। সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে।

চিকিৎসা:-

স্ক্যাবিস বা খোসপাঁচড়ায় সংক্রমিত হলে ডাক্তারের পরার্মশ নিয়ে দ্রুত চিকিৎসা নিতে হবে। সাধারনত স্ক্যাবিস বা খোসপাঁচড়ার চিকিৎসায় পারমিথ্রিন, প্রোটামিটেন, সালফার ক্রিম দেওয়া হয় রোগীকে। এর পাশাপাশি মুখে খাওয়ার কিছু ওষুধ দেওয়া হয়। আমাদের দেশে স্ক্যাবিসের চিকিৎসায় সবচেয়ে বেশি পারমিথ্রিনি ক্রিম ব্যবহার করা হয়। রোগীর বয়স অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পারমিথ্রিন ক্রিম গলা থেকে পা পর্যন্ত ভালো করে শরীরের সব জায়গায় লাগাতে হবে।৮ থেকে ১২ ঘণ্টা রাখতে হবে। এরপর কুসুম গরম পানিতে গোসল করে নিতে হবে। ৭ দিন পর একইভাবে পুনরায় পারমিথ্রিন ক্রিম ব্যবহার করতে হবে। এ ছাড়া স্ক্যাবিসের চিকিৎসায় প্রোটামিটেন এবং সালফার ক্রিম টানা ৫ দিন ব্যবহার করতে বলা হয়।

ক্রিম ব্যবহার কাজ না দিলে প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারেরা আইভারমেকটিন নামক মুখে খাওয়ার ওষুধ সপ্তাহে একটা করে চার সপ্তাহ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে শিশু, অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের ডাক্তারেরা পরামর্শ দেন না।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.