Sylhet Today 24 PRINT

বাংলাদেশ-ভারতের নৌপরিবহন ও বাণিজ্য প্রটোকলে দ্বিতীয় সংযোজন

নিজস্ব প্রতিবেদক |  ২০ মে, ২০২০

বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ট্রানজিট এবং বাণিজ্য সম্পর্কিত একটি দীর্ঘস্থায়ী ও কালোত্তীর্ণ প্রটোকল রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে স্বাক্ষরিত এই প্রটোকল দুই দেশের মধ্যকার অভিন্ন ইতিহাস, বন্ধুত্ব, আস্থা এবং পারষ্পরিক লাভজনক অংশীদারিত্বের প্রতিফলন। সর্বশেষ ২০১৫ সালে পাঁচ বছরের জন্য এই প্রটোকলটি নবায়ন করা হয়েছিল যাতে আরও পাঁচ বছর মেয়াদে এটির স্বয়ংক্রিয় পুনর্নবীকরণের বিধান রাখা হয় বিভিন্ন অংশীদারদের দীর্ঘমেয়াদী আশ্বাস প্রদানের জন্য।

২০১৮ সালের অক্টোবরে নয়াদিল্লীতে এবং ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ভারত-বাংলাদেশের মধ্যকার বৈঠকে আলোচনার সময় দুই দেশের মধ্যে বাণিজ্য সহজতর করা, প্রটোকল রুট সম্প্রসারণ, নতুন রুটের অন্তর্ভুক্তি এবং কল অফ পোর্ট ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

বুধবার (২০ মে) ঢাকায় ভারতের পক্ষে হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ এবং বাংলাদেশের পক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী অভ্যন্তরীণ নৌপরিবহন ও বাণিজ্য সম্পর্কিত প্রটোকলের ২য় সংযোজনটি স্বাক্ষর করেন।

প্রটোকলটিতে দ্বিতীয় সংযোজন স্বাক্ষরের মাধ্যমে অনেকগুলো সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ইন্দো-বাংলাদেশ প্রটোকল (আইবিপি) রুটের সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ১০ করা হচ্ছে এবং বিদ্যমান রুটে নতুন স্থানও যুক্ত করা হয়েছে। গোমতী নদীর সোনামুড়া-দাউদকান্দি (৯৩ কিমি) আইবিপির ৯ম ও ১০ম রুট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ত্রিপুরা এবং সংলগ্ন রাজ্যগুলির সাথে ভারত-বাংলাদেশের অর্থনৈতিক কেন্দ্রগুলির যোগাযোগ বৃদ্ধি করবে এবং উভয় দেশের নদী-দূরবর্তী অঞ্চলেও সহায়তা করবে। এই রুটটি ১ থেকে ৮ পর্যন্ত বিদ্যমান অকল আইবিপি রুটকে সংযুক্ত করবে।

এছাড়া রাজশাহী-ধুলিয়ান-রাজশাহী রুটগুলো পরিচালনা এবং আরিচা (২৭০ কিমি) পর্যন্ত সম্প্রসারণ বাংলাদেশের অবকাঠামো বৃদ্ধিতে সহায়তা করবে কারণ এই পথ দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে পাথর পরিবহণসহ সামগ্রিক পরিবহণ ব্যয় হ্রাস পাবে। এছাড়াও, এটি উভয় দেশের স্থল বন্দরগুলোর উপর চাপ কমাবে।

১ ও ২নং (কলকাতা-শিলঘাট-কলকাতা) রুটের পাশাপাশি ৩ ও ৪ নং (কলকাতা-করিমগঞ্জ-কলকাতা) রুটে ভারতের কোলাঘাট যুক্ত করা হয়েছে।

৩ ও ৪ নং (কলকাতা-করিমগঞ্জ-কলকাতা) এবং ৭ ও ৮ নং (করিমগঞ্জ-শিলঘাট-করিমগঞ্জ) রুট ভারতের বদরপুর পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এই রুটে বাংলাদেশের ঘোড়াশালও যুক্ত হয়েছে।

বর্তমান প্রটোকলের অধীনে বিদ্যমান ছয়টি পোর্ট অফ কল হলো- ভারতের কলকাতা, হলদিয়া, করিমগঞ্জ, পাণ্ডু, শিলঘাট এবং ধুবড়ি এবং বাংলাদেশের নারায়ণগঞ্জ, খুলনা, মংলা, সিরাজগঞ্জ, আশুগঞ্জ ও পানগাঁও। ভারতের পক্ষ থেকে নতুন যুক্ত হওয়া পাঁচটি বন্দর হলো- ধুলিয়ান, মাইয়া, কোলাঘাট, সোনামুড়া এবং যোগিগোফা এবং বাংলাদেশের বন্দরগুলো হলো- রাজশাহী, সুলতানগঞ্জ, চিলমারী, দাউদকান্দি এবং বাহাদুরাবাদ।

এছাড়াও এই সংযোজনের মাধ্যমে ভারতের ত্রিবেলি (ব্যান্ডেল) ও বদরপুর এবং বাংলাদেশের ঘোড়াশাল ও মুক্তারপুর এই দুটি বন্দর সম্প্রসারণের ফলে দুই দেশের পোর্ট অফ কল ও সম্প্রসারিত পোর্ট অফ কলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১টি ও ২টিতে।

নতুন পোর্ট অফ কল হিসেবে যোগিগোফা (ভারত)এবং বাহাদুরাবাদ (বাংলাদেশ) এর অন্তর্ভুক্তি মেঘালয়, আসাম এবং ভুটানকে সংযুক্ত করবে। যোগিগোফাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ সেখানে একটি মাল্টিমোডাল লজিস্টিক পার্ক স্থাপনের প্রস্তাব রয়েছে। নতুন কল অফ পোর্টগুলি ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুটে পরিবহণ করা কার্গো লোডিং এবং আনলোডিং করতে সক্ষম হবে যা দুইদেশের অর্থনৈতিক বিকাশে গতি সঞ্চার করবে।

অগভীর নৌযান চলাচলে উভয় পক্ষই চিলমারী (বাংলাদেশ) এবং ধুবরির (ভারত) মধ্যে অগভীর নৌযান ব্যবহারের মাধ্যমে বাণিজ্য প্রবর্তন করতে সম্মত হয়েছে, তবে প্রটোকলের ১.৩ অনুচ্ছেদ অনুযায়ী নৌযানগুলি অভ্যন্তরীণ বাংলাদেশের নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ বা ভারতের ইনল্যান্ড ভ্যাসেলস অ্যাক্ট, ১৯১৭ এর অধীনে নিবন্ধিত হতে হবে এবং সুরক্ষার শর্ত পূরণ করতে হবে। এই উদ্যোগের ফলে পাথর এবং অন্যান্য ভুটানিজ ও উত্তর-পূর্ব কার্গো বাংলাদেশে রপ্তানি হবে এবং বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসায়ীদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করে বাংলাদেশের স্থানীয় অর্থনীতি এবং আসামের নিম্নাঞ্চলে উন্নতি ঘটাবে।

কার্গো চলাচলের নতুন সুযোগসুবিধায় এই প্রটোকলের আওতায় উভয় দেশের অভ্যন্তরীণ নৌযানগুলি নির্ধারিত প্রটোকল রুটে চলাচল এবং দুই দেশের পোর্ট অফ কল-এ নোঙর করে পণ্য উঠা-নামা করতে পারে। প্রটোকল রুটে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে ট্রানজিট কার্গো এবং বাংলাদেশে রপ্তানি কার্গো চলাচলে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ভারতীয় ট্রানজিট কার্গোর পণ্যসমূহ হলো মূলত উত্তর-পূর্ব অঞ্চলে বিদ্যুৎ প্রকল্পের জন্য কয়লা, ফ্লাই-অ্যাশ, পিওএল এবং ওডিসি। চলাচলের অন্যান্য সম্ভাব্য কার্গো পণ্য হলো সার, সিমেন্ট, খাদ্যশস্য, কৃষিপণ্য, কন্টেইনার কার্গো ইত্যাদি। ভারত থেকে বাংলাদেশে রপ্তানি কার্গো মূলত ফ্লাই-অ্যাশ যা প্রতি বছর ৩০ লক্ষ মেট্রিক টন। প্রায় ৬৩৮টি অভ্যন্তরীণ নৌযান (৬০০ বাংলাদেশী পতাকাবাহী জাহাজসহ) বার্ষিক প্রায় ৪০০০ যাত্রা সম্পন্ন করে।

প্রটোকলে এই সংযোজনগুলি ব্যবসায়ীদের এবং উভয় দেশের জনগণের জন্য নির্ভরশীলতা বৃদ্ধি ও এবং ব্যয় সংকোচনের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যকে ব্যাপকভাবে সহায়তা করবে বলে ভারত আশা করছে।

বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে এবং সদ্য সংযুক্ত প্রটোকল রুটের মাধ্যমে যোগাযোগ উভয় দেশের বাণিজ্য ও ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য অর্থনৈতিক, দ্রুত, নিরাপদ এবং দূষণমুক্ত পরিবহণ ব্যবস্থায় সহায়ক ভূমিকা রাখবে এবং এই অঞ্চলের পরিবেশগত সুবিধাও পাওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.