Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর নির্দেশের পরও গ্রেফতার হননি লিটন, উল্টো জামিন আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৫

প্রধানমন্ত্রী সাংসদ লিটনকে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছেন এমন খবর ফলাও করে প্রকাশ হয় গণমাধ্যমে। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন তাকে খুঁজছে পুলিশ। তবু গ্রেফতার হননি এই সাংসদ। উল্টো সুন্দরগঞ্জে শিশুকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধার সাংসদ  মঞ্জুরুল ইসলাম লিটন আইনজীবীর মাধ্যমে  হাইকোর্টে জামিন আবেদন করেছেন। তার পক্ষে আইনজীবী এ এম আরিফুল ইসলাম রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন।

গাইবান্ধা-১ আসনের সাংসদ  লিটনের ছোড়া গুলিতে গত ২ অক্টোবর সৌরভ মিয়া (৯) নামে একটি শিশু আহত হয়। ওই ঘটনায় মামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি।

ঘটনার পরের দিন আহত শিশুর বাবা সাজু মিয়া লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়াও ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার রহমান নামে সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের এক বাসিন্দা।

ওই ঘটনার পর লিটনের লাইসেন্স করা অস্ত্র দুটি সুন্দরগঞ্জ থানায় জমা দেন তার স্ত্রীর বড় ভাই তারিকুল ইসলাম। এরপর জেলা ম্যাজিস্ট্রেট লিটনের অস্ত্র দুটির লাইসেন্স বাতিল করেন।

সূত্র-চ্যানেলআই অনলাইন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.