সিলেটটুডে ডেস্ক | ১৪ অক্টোবর, ২০১৫
মাতাল অবস্থায় এলোপাথাড়ি গুলি চালিয়ে শিশু সৌরভের দুই পায়ে গুলি করার মামলায় অভিযুক্ত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানিয়েছে, রাত ১০টার দিকে রাজধানীর উত্তরায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শিশুকে গুলি করে আহত করার পর দেশব্যাপী অনেক আলোচনা সমালোচনার পর আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত ১৮ অক্টোবর নিম্ন আদালতে আত্মসমর্পনের পর্যন্ত সময় দেন আদালত। পরে সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে তা স্থগিত হয়ে যায় ফলে তাকে গ্রেফতারের পথ খোলে গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় সাংসদ লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)। শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
পরদিন আহত শিশু সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।