Sylhet Today 24 PRINT

মহসিন আলী ছিলেন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের প্রশ্নে আপসহীন : ইনু

নিউজ ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৫

রাজাকার-স্বৈরাচারের সাথে ক্ষমতা ভাগ-বাঁটোয়ারার রাজনীতিকে বিদায় জানানোর মাধ্যমে সদ্যপ্রয়াত মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে স্মরণ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সদ্যপ্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী স্মরণে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তথ্যমন্ত্রী এ আহ্বান জানান। 

হাসানুল হক ইনু বলেন, ‘মাটির গন্ধমাখা মুক্তিযোদ্ধা জননেতা মহসিন আলী ছিলেন রাজাকার-স্বৈরাচারের সাথে ক্ষমতা ভাগ-বাঁটোয়ারার রাজনীতিকে বিদায় জানানোর একজন কারিগর। তাই তার আদর্শকে সমুন্নত রাখার মাধ্যমেই মহসীন আলীর প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করবো।’

শুধু আদর্শই নয়, নেতার প্রতি আনুগত্যও একজন সুশৃংখল রাজনীতিকের পরিচয়, উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু এবং তার উত্তরসূরী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সৈয়দ মহসিন আলীর আনুগত্য ছিলো অবিচল। অসাম্প্রদায়িকতা ও বৈষম্যহীনতার পথযাত্রী । মুক্তিযোদ্ধা হিসেবে তিনি ইতিহাসের স্বাক্ষী ও নির্মাতা।’

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহসভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি হিসেবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধান বক্তা হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বিশেষ বক্তা হিসেবে শামসুন্নাহার শাহানা রব্বানী এমপি, সিলেট চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলাউদ্দিন আলী আহমদ, মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম, সৈয়দ মহসিন আলীর কন্যা সৈয়দা সানজিদা শারমিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ওয়েসুর রহমান চৌধুরী প্রমূখ বক্তৃতা করেন।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সদ্যপ্রয়াত মন্ত্রী মহসিন আলীকে মুক্তিযোদ্ধাদের প্রতি অকুন্ঠ সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন তার প্রয়াত জেষ্ঠ্য সহকর্মীর চিরবিদায় স্মরণ করে বলেন, ‘মন্ত্রী মহসীন আলীর লাশটি বহনের সময় সেটি খুব বেশী ভারী মনে হচ্ছিল।' সৈয়দ মহসীন আলীর কন্যা সৈয়দা সানজিদা শারমিনের রুদ্ধকন্ঠ-বক্তৃতার সময় সভায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.