নিজস্ব প্রতিবেদক | ১৫ অক্টোবর, ২০১৫
শিশু সৌরভকে গুলি করার ঘটনায় হওয়া মামলায় অভিযুক্ত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা আদালতে এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য,শিশুর দুই পায়ে গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গতকাল রাত ১০টার দিকে রাজধানীর উত্তরায় তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)। শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
পরদিন আহত শিশু সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।