Sylhet Today 24 PRINT

সাহেদের আ্যক্রেডিটেশন কার্ড বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০২০

কোভিড-১৯ (করোনাভাইরাস) চিকিৎসা নিয়ে প্রতারণা করা রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে তিনি এই কার্ড নিয়েছিলেন।

রোববার (১৯ জুলাই) প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, এ বিষয়টি আমাদের নীতিমালার মধ্যেই বলা আছে। যদি কেউ প্রতারণামূলক কাজের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে তাহলে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে। তাই আমরা তার কার্ডটি বাতিল করেছি।

সাহেদ দৈনিক নতুন কাগজ নামে একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে অ্যাক্রেডিটেশন কার্ড নেন। কার্ডের নম্বর-৬৮৪৫। গত বছরের ৩ ডিসেম্বর তার কার্ডটি ইস্যু করে তথ্য অধিদফতর। কার্ডের মেয়াদ ছিল চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত।

সচিবালয়ে প্রবেশের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড পাওয়ায় সাহেদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতিসহ নানা প্রতারণার অভিযোগে ৬ জুলাই তার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। এরপর আত্মগোপন করেন সাহেদ। গত বুধবার সাতক্ষীরা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়। দশদিনের রিমান্ডে সাহেদ এখন গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.