Sylhet Today 24 PRINT

সিঙ্গাপুর থেকে আগাম জামিন চান তারা

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০২০

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাই কোর্টে আগাম জামিন চেয়েছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার। বর্তমানে তারা সিঙ্গাপুরে রয়েছেন। সেখান থেকে ইমেইলের মাধ্যমে এই জামিন আবেদন করা হয়।

তাদের জামিন আবেদনটি বিচারপতি মো. আশরাফুল কামালের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চের সোমবারের কার্যতালিকায় মোশন (নতুন আবেদন) হিসেবে এক নম্বর ক্রমিকে রয়েছে।

রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, 'রন হক শিকদার অ্যান্ড এনাদার বনাম রাষ্ট্র' শিরোনামে আবেদনটি ওই বেঞ্চের সোমবারের কার্যতালিকার শীর্ষে রয়েছে। তাদের পক্ষে আইনজীবী হিসেবে আজমালুল হোসেন কিউসি, সাঈদ আহমেদ ও মুহাম্মদ সাইফুল্লাহ মামুনের নাম রয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বলেন, এক্সিম ব্যাংকের এমডি ও অতিরিক্ত এমডিকে আটক ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় রন হক সিকদার ও দিপু হক সিকদার আগাম জামিন চেয়ে আবেদন দিয়েছেন। ভার্চুয়াল কোর্টে আগাম জামিন দেওয়ার কোনো বিধান নেই। ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরুর পর গত তিন মাসে হাই কোর্টে আগাম জামিন দেওয়ার কোনো নজির নেই। আবেদনকারীদের স্বীকৃত মতে তারা দেশের বাইরে সিঙ্গাপুরে অবস্থান করেছেন। আইনের দৃষ্টিতে দেশের বাইরে থেকে আগাম জামিনসহ আদালতে কোনো ধরনের প্রতিকার চাওয়া যায় না।

গত ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় ওই মামলাটি করে। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ৭ মে ঘটনাটি ঘটে। এক্সিম ব্যাংক মামলা করে ১৯ মে। পুরো ঘটনাটি ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব নিয়ে। এই ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পরিদর্শনের নামে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে ডেকে আনা হয়েছিল। এ সময় জামানত হিসেবে ওই সম্পত্তির বন্ধকি মূল্য কম উল্লেখ করেন ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি। এরপরেই গুলি ও মারধরের ঘটনা ঘটে। রন হক সিকদার ও দিপু হক সিকদার ব্যাংকটির এমডির কাছে একটি সাদা কাগজে জোর করে সাক্ষর নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.