Sylhet Today 24 PRINT

গণপিটুনিতে রেনু হত্যার এক বছরেও তদন্ত শেষ হয়নি

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০২০

রাজধানীর বাড্ডায় ছেলেধরা গুজবে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনু হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন হত্যার এক বছর পার হলেও মামলার তদন্ত শেষ হয়নি। এ মামলার তদন্ত কবে নাগাদ শেষ হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ভিকটিমের পরিবার।

এ বিষয়ে মামলাটির সম্পর্কে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক জানান, মামলাটির তদন্ত চলমান। আশা করছি অল্প সময়ের মধ্যে মামলাটির চার্জশিট দাখিল করতে পারব।

মামলাটির বাদী নাসির উদ্দিন জানান, রেনু খালার মৃত্যু হওয়ার একবছর পার হয়ে গেছে। কিন্তু মামলার তদন্ত এখনো শেষ হলো না। তদন্ত শেষ হবে আর কবে বিচার পাব কিছুই বুঝছি না। আমার খালা হত্যার সঙ্গে জড়িত সবার সর্বোচ্চ সাজা চাই।

এদিকে আসামিপক্ষের আইনজীবী শামীম জানান, ঘটনার সঙ্গে আসামিরা জড়িত না।’

তিনি বলেন, ‘বর্তমানে মামলাটির তদন্ত চলছে। আমরাও চাই তদন্ত দ্রুত শেষ হয়ে দোষীরা পাক। সেই সঙ্গে যারা নির্দোষ তারা যেন মুক্তি পান।’

জানা গেছে, সর্বশেষ ভিকটিম তাসলিমা বেগম রেনু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য গত ২৬ এপ্রিল তারিখ নির্ধারণ করে করেছিলেন ঢাকার সিএমএম আদালত।

২০১৯ সালের ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করাবেন বলে স্থানীয় একটি স্কুলে যান তাসলিমা বেগম রেনু (৪০)। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয়।

ওই রাতেই রেনুর বোনের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে গণপিটুনিতে জড়িত কয়েকজনকে শনাক্তের পর গ্রেপ্তার করে পুলিশ।

আদালত মামলার প্রধান অভিযুক্ত হৃদয় ওরফে ইব্রাহিমের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালে হৃদয় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। একইদিন রেনুকে পিটিয়ে হত্যার আগে ‘ছেলেধরা’ গুজব সৃষ্টিকারী রিয়া খাতুনও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হৃদয় ও রিয়া কারাগারে রয়েছেন। জাফর হোসেন নামের আরেক আসামিও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে রয়েছেন।

এছাড়া মো. শাহীন, মো. বাচ্চু মিয়া, মো. বাপ্পি, মো. কামাল হোসেন ও আবুল কালাম আজাদকে চারদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের বিলম্বের সুযোগে গ্রেফতার হওয়া ১৪ আসামির ৫ জনই জামিনে বের হয়ে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.