Sylhet Today 24 PRINT

একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০২০

২০২১ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছে। ১৫ অক্টোবরের মধ্যে মনোনয়ন/প্রস্তাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাতে হবে। সোমবার (২০ জুলাই) এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (১৯ জুলাই) এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশে পদক প্রদান সংক্রান্ত নীতিমালা অনুযায়ী অন্যান্য বছরের মতো ২০২১ সালে সরকার কর্তৃক ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সব ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনও ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে।

এ লক্ষ্যে সরকারের সব মন্ত্রণালয়/বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দফতর/সংস্থা, সব পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সব জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক বা একুশে পদকে ভূষিত সুধীবৃন্দকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে মনোনয়ন/প্রস্তাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো যাচ্ছে।

এ সংক্রান্ত যাবতীয় তথ্য ও একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের  ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.