Sylhet Today 24 PRINT

১৬ আগস্ট পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে না ইউনাইটেড হাসপাতালকে

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০২০

আগুনে পুড়ে ৫ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের চার পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি হাই কোর্টের আদেশ আগামী ১৬ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ননী এ আদেশ দেন।

আদালতে ইউনাইটেড হাসপাতালের পক্ষে শুনানি করেন- ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ,ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম, ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ,ব্যারিস্টার অনিক আর হক ও নিয়াজ মোহাম্মদ মাহবুব।

গত ১৫ জুলাই রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের চার পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ। ১৫ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে এই ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে বলা হয়। এ আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দেন।

গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।

পাঁচজনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত ৩০ মে রিটটি দায়ের করেন আইনজীবী নিয়াজ মাহমুদ। ওই রিটের শুনানি নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ, ফায়ার সার্ভিস ও রাজউকের কাছে পৃথক পৃথক রিপোর্ট চেয়েছিলেন হাই কোর্ট। পরে আদালতে দাখিল করা তিনটি প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার তথ্য উঠে আসে। এরপর আদালত ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.