Sylhet Today 24 PRINT

ঈদে বিশেষ ট্রেন বাড়ছে না: রেলমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০২০

এবারের ঈদে বিশেষ কোনো ট্রেন বাড়ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে কটি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না।

মঙ্গলবার (২১ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফর্মে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে যদি আমরা ট্রেন বাড়িয়ে দেই তাহলে যাত্রীদের বাড়ি ফিরতে উৎসাহিত করা হবে। তাই আমরা সেটি করব না।

মন্ত্রী বলেন, ঈদ সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোনো বাড়তি যাত্রী পরিবহন করবে না। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে ঈদেও সেভাবে ট্রেন চলবে। যে যেখানে অবস্থান করছেন সেখান থেকেই ঈদ উৎসব পালন করুন। এই দুর্যোগে বাড়ি গিয়ে আমরা যেন এই ভাইরাস ছড়িয়ে না দেই।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো শামসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.