Sylhet Today 24 PRINT

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০২০

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের পরীক্ষা নিয়ে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যকার চলমান দ্বন্দ্বের সময়ে অধিদপ্তরের মহাপরিচালকের এই পদত্যাগের সিদ্ধান্ত আসলো। রিজেন্টের সঙ্গে চুক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে হয়েছে এমন দাবির পর মন্ত্রণালয় কারণ দর্শানোর নোটিশ দেয়। এরপর অধিদপ্তরের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এই মহাপরিচালক পদত্যাগ করেন।

২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের পদে রয়েছেন ডা. আজাদ। চাকরির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিতে নিয়োজিত ছিলেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার আগে ডা. আজাদ এই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা আবুল কালাম আজাদ ২০০১ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ১৯৯০ সালে তৎকালীন আইপিজিএমআর (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) থেকে এমফিল ডিগ্রি নেন তিনি।

আবুল কালাম স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক এবং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (পরিকল্পনা ও উন্নয়ন) দায়িত্বেও ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.