Sylhet Today 24 PRINT

২ আগস্ট দেশে ফিরছেন অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০২০

আগামী ২ আগস্ট লন্ডন থেকে দেশে ফিরবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২০-২১ অর্থবছরের বাজেট পাসের পরদিন ১ জুলাই চোখের ফলোআপ চিকিৎসা নিতে লন্ডন যান তিনি।

রোববার (২৬ জুলাই) রাতে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারিতে লন্ডন পৌঁছানোর পর অর্থমন্ত্রীকে সেখানে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। এতে লন্ডন পৌঁছানোর ১৪ দিন পরে তিনি চিকিৎসা কার্যক্রম শুরু করেন। আর এ কারণেই  চিকিৎসায় কিছুটা বেশি সময় দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন।

এতে আরও বলা হয়, অর্থমন্ত্রী আইসিসির সভাপতি থাকাকালীন আইসিসির তত্ত্বাবধানে লন্ডনে যেসব চিকিৎসকদের পরামর্শ নিতেন পরেও তিনি সেসব চিকিৎসকদের পরামর্শই নিয়মিত নিয়ে আসছেন। তাদের পরামর্শ অনুযায়ী ৩০ জুন চলতি অর্থবছরের বাজেট পাস হওয়ার আগেই তার লন্ডন যাওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির অবনতি এবং ২০২০-২১ অর্থবছরের বাজেট তৈরি, সংসদে উপস্থাপন ও পাস করার কাজে ব্যস্ত থাকায় ওই সময়ে তিনি লন্ডনে যেতে পারেননি। বাজেট পাস করিয়ে তবেই ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। চিকিৎসার সেই ফলোআপ শেষ করেই আগামী ২ আগস্ট দেশে ফিরছেন অর্থমন্ত্রী।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.