Sylhet Today 24 PRINT

বন্যা মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০২০

ফাইল ছবি

দেশে চলমান বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বন্যাদুর্গতদের সকল প্রকার সহায়তা দেয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ জুলাই) মন্ত্রীসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে  তিনি এ নির্দেশ দেন।

বৈঠকের পর সংবাদকর্মীদের ব্রিফিং করেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, ‘দেশে চলমান বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বন্যাদুর্গতদের সকল প্রকার সহযোগিতা দিতে হবে।’ খবর বাসসের

বিজ্ঞাপন

মন্ত্রীপরিষদ সচিব বলেন, বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে এমন আশঙ্কা থাকায় প্রধানমন্ত্রী তাদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের একটি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বন্যা দীর্ঘায়িত হলে যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের বিশেষত মাঠপর্যায়ের কর্মকর্তাদের তাদের কর্মস্থলে থাকাকালীন সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন।

প্রধানমন্ত্রী একই সঙ্গে কোভিড-১৯ মহামারীর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সজাগ থাকতে বলেছেন বলে সচিব জানান।

দলীয় নেতাকর্মীদের প্রতি একই ধরনের নির্দেশনা দেওয়ার একদিন পর আজ সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রীসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠক থেকে এই নির্দেশনা এসেছে। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে বৈঠকে যোগ দেন। মন্ত্রীপরিষদের সদস্য এবং সচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয় থেকে সংযুক্ত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.