Sylhet Today 24 PRINT

পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুলাই, ২০২০

রাজধানীর পল্লবী থানার ভেতরে ‘সন্ত্রাসীদের’ কাছে থাকা ওয়েট মেশিন বিস্ফোরণে চার পুলিশসহ পাঁচজন আহতের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা হয়েছেন পল্লবী থানার এসআই ফারুক হোসেন।

মামলা দুটি হলো- পল্লবী থানার মামলা নং-৭৩, তারিখ-২৯/০৭/২০২০ ইং, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ। মামলা নং-৭৪, তারিখ-২৯/০৭/২০২০ ইং, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৪/৫/৬।

এসআই ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের আজ ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে।

মামলায় গ্রেপ্তার দেখানো তিন আসামি রফিকুল ইসলাম, মোশারফ হোসেন ও শহিদুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে গতকাল রাত থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃঞ্চপদ রায় বলেন, তিন জন আসামিই স্থানীয় সন্ত্রাসী। তারা শীর্ষ সন্ত্রাসী শাহনেওয়াজের অনুসারী। ঈদের আগে প্রতিপক্ষ কোনো একটি সন্ত্রাসী গ্রুপকে ঘায়েল করতেই তারা অস্ত্র ও বিস্ফোরক সঙ্গে রেখেছিল। এর সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই।

আর সিটিটিসির ডিসি সাইফুল ইসলাম জানিয়েছেন, বিস্ফোণের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না তা তদন্ত করে দেখা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.