নিউজ ডেস্ক | ১৭ অক্টোবর, ২০১৫
ফাইল ছবি
সাম্প্রতিক সময়ে ঢাকাই সিনেমার নানা ইস্যুতে তথ্য মন্ত্রণালয়ের দিকে বার বার সমালোচনার তীর ছুড়েছেন চলচ্চিত্রাঙ্গণের কলাকুশলীরা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানালেন, তার মন্ত্রণালয় এতে বিব্রত বোধ করছে।
প্রয়াত চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত 'অন্তরঙ্গ' সিনেমার অডিও সিডি প্রকাশনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, “বিব্রতভাব নিয়েই আমরা কাজ করছি। সমালোচনাকে গ্রহণ করতে হয়। আমার ধারণা, সমালোচনার সহিষ্ণুতা একটা ইতিবাচক পথ দেবে। সমালোচনাকে মাথা পেতে নিয়ে কিভাবে জগতের পুনরুজ্জীবন করবো, এটা নিয়ে সবারই সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করা দরকার।"
এটাও স্বীকার করে নিলেন যে, “চলচ্চিত্রাঙ্গনের উন্নয়নের জন্য নানাবিধ পদক্ষেপ নেওয়া হলেও তার ছোঁয়া এখনও অতটা লাগেনি।”
আরও বললেন, “নতুন ঘর তৈরি করা সহজ, ভাঙ্গা ঘর মেরামত করা কঠিন কাজ। আমি যখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিই, তখন আমাকে বলা হলো, ‘আপনাকে চলচ্চিত্র, রেডিও, টিভিকে গুছিয়ে দিতে হবে।’ এই কাজটি আমি একা যে পারবো না নিশ্চিতভাবে আমি বুঝি। আমাদের এই প্রস্তুতি ক্ষণে সোহানুর রহমান সোহান, আমজাদ হোসেন, অমিত হাসান, ওমর সানিরা আমাদের সমালোচনা করবেন, পরামর্শ দেবেন।"
“ঈদের ছবি পাইরেসি হয়ে গেল। প্রযোজক আমাকে বলেনি। আমি দুঃখ পেয়েছি। কিন্তু কেবল অপারেটররা তা পাইরেটেড করে দেখাচ্ছে, এটা তো ঠিক না।”
চলচ্চিত্রের পুনরুজ্জীবনের স্বার্থে নবীন-প্রবীনদের একযোগে কাজ করার আহ্ববান জানিয়ে মন্ত্রী তরুণদের প্রতি আরও বেশি মনযোগী হতে সিনিয়রদের অনুরোধ করেন।