Sylhet Today 24 PRINT

১৫ আগস্টের পর পর্যায়ক্রমে চলবে আন্তঃনগর সব ট্রেন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২০

করোনাভাইরাসের কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু করে। তবে আগামী ১৫ আগস্টের পর থেকে দেশে পর্যায়ক্রমে আন্তঃনগর ট্রেনের চলাচল শুরু হতে যাচ্ছে।

রোববার (৯ আগস্ট) রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৩১ মে ঢাকা থেকে বিভিন্ন রুটে আট জোড়া ট্রেন চলাচল শুরু করে। এরপর ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়।

৩১ মে থেকে চলাচল করা ট্রেনগুলোর মধ্যে রয়েছে ঢাকা-চট্টগ্রাম লাইনে সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, ঢাকা-সিলেট লাইনে কালনী, সিলেট-চট্টগ্রাম লাইনে পাহাড়িকা বা উদয়ন এক্সপ্রেস, ঢাকা-রাজশাহী লাইনে বনলতা এক্সপ্রেস, ঢাকা-খুলনা লাইনে চিত্রা এক্সপ্রেস, ঢাকা-পঞ্চগড় লাইনে পঞ্চগড় এক্সপ্রেস ও ঢাকা-লালমনিরহাট লাইনে লালমনি এক্সপ্রেস।

বিজ্ঞাপন

দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে ১১ জোড়া ট্রেন চলাচল শুরু করে। এগুলোর মধ্যে রয়েছে ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটে তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটি রুটে নীলসাগর এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি রুটে রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটে কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দ ঘাট রুটে মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।পরবর্তীতে ৩১ মে থেকে সীমিত পরিসরে অন্যান্য গণপরিবহনের পাশাপাশি কিছু সংখ্যক ট্রেনও চলাচল করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.