Sylhet Today 24 PRINT

সিনহা হত্যা : পুলিশের করা মামলার ৩ সাক্ষী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০২০

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় তিন সাক্ষীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তারা তিনজনই টেকনাফ থানায় পুলিশের দায়ের করা দুটি মামলার সাক্ষী।

মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকা থেকে গ্রেপ্তারের পর তিনজনকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে তদন্তকারী সংস্থা র‍্যাব।

র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো একটি খুদে বার্তায়ও বিষয়টি জানানো হয়েছে।

বিকেলে পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, ‘মেজর (অব.) সিনহা হত্যা মামলায় কক্সবাজারের বাহারছড়া এলাকার মো. আয়াছ, মো. নুরুল আমিন, মো. নাজিমুদ্দিন নামে তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব, আদালতে সোপর্দ; ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।’

এই তিনজনের বাড়ি উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া গ্রামে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.