Sylhet Today 24 PRINT

খালেদার ১১ মামলার হাজিরা ৬ অক্টোবর

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০২০

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১ মামলার হাজিরার জন্য ৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন।

সোমবার (১৭ আগস্ট) আদালতের সহকারী পেশকার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম থানায় আটটি ও যাত্রাবাড়ী থানায় দুইটি মামলা দায়ের করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন এক ব্যক্তি।

খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপি নেতা আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো-দারুস সালাম থানার নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা। এই ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.