Sylhet Today 24 PRINT

কক্সবাজারের এসপি-টেকনাফের ওসিসহ ৮ জনের ব্যাংক হিসাব স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০২০

পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন, টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমারসহ আটজনের অ্যাকাউন্ট ফ্রিজ তথা স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এছাড়াও তালিকায় রয়েছের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী, খলনায়ক ইলিয়াস কোবরা, চুমকী কারান, প্রতীম কুমার দাশ, প্রতুশ কুমার দাশ, দিলীপসহ উল্লেখিত আটজনের ব্যাংক হিসাব আগামী ৩০ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউ।

বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার (১৭ আগস্ট) বিএফআইইউ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চিঠি ইস্যু করার দিন থেকে তিনদিনের মধ্যে তাদের ব্যাংক হিসাব স্থগিত করে হিসাবগুলোর নাম, নম্বর, স্থিতি, এ সংক্রান্ত তথ্য (হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম, হালনাগাদ লেনদেনের বিবরণী) পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে যে আটজনের ব্যাংক হিসাব স্থগিত ও তথ্য চাওয়া হয়েছে, তাদের হিসাবগুলোকে লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতাবলে ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া চিঠিতে প্রত্যেকের নামের পাশে জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.