Sylhet Today 24 PRINT

ভাস্কর মৃণাল হক আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০২০

দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক আর নেই। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা দিকে গুলশানের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

বেশ কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃণাল হক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন।

মৃণাল হকের গ্রাফিক্স ডিজাইনার আলমগীর জানান, ‘তাঁর ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছিল। গতকাল রাতে সুগার লেবেল কমে গিয়েছিল, পাশাপাশি অক্সিজেন মাত্রাও কমে গিয়েছিল। পরে এভারকেয়ার হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স আনা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মৃণাল হকের জন্ম রাজশাহীতে। ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে ভর্তি হন। ১৯৮৪ সালে তিনি মাস্টার্স সম্পন্ন করেন।

মৃণাল হক ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে ভাস্কর্যের কাজ শুরু করেন। ২০০২ সালে তিনি দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

দেশে ফিরে নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের ‘বক’ ভাস্কর্যটি। ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। এছাড়া সারাদেশে তিনি অনেকগুলো ভাস্কর্যের কাজ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.